বাংলার প্রাকৃতিক রংরেজি

(BENGAL NATURAL DYEING)

শ্রী দেবাশিষ আচার্য্য


প্রাক-কথা

একজন প্রাকৃতিক রঙের কারিগর হিসেবে আমার পথচলা এবং শতাব্দী প্রাচীন “বাংলার প্রাকৃতিক রংরেজি“-এর ইতিহাস ও দর্শন এখানে তুলে ধরার চেষ্টা করেছি।

গ্রামীণ বাংলার শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী রঙ করার জ্ঞানকে ভিত্তি করে বোলপুর শান্তিনিকেতনে আমার গবেষণা, রঙ করার প্রক্রিয়া, পরীক্ষানিরীক্ষা ও অভিজ্ঞতার এটি একটি উন্মুক্ত নথি। এখানে ব্যবহৃত প্রতিটি ধাপ সম্পূর্ণ প্রাকৃতিক উপকরণ ও ঐতিহ্যবাহী পদ্ধতির ওপর নির্ভরশীল; যেখানে কোনো শিল্পজাত বা কৃত্রিম রাসায়নিকের ব্যবহার করা হয় না।

প্রেরণাঃ

শান্তিনিকেতনের নীরব লালমাটির বুকে, যেখানে আজও জীবনের ছন্দে শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনার প্রতিধ্বনি শোনা যায়, সেখানেই আমার প্রাকৃতিক রংরেজির সাধনার শিকড় প্রোথিত।

আত্মনির্ভর গ্রামের যে স্বপ্ন তিনি দেখেছিলেন—যেখানে মানুষের সৃজনশীল হাত, প্রকৃতির উদার দান এবং শ্রমের মর্যাদা একসূত্রে গাঁথা—সেই দর্শন আজও আমার পথচলার প্রেরণা। এখানে রং করা কেবল একটি কারুশিল্প নয়; এটি মাটি, মানুষ ও প্রকৃতির সঙ্গে এক আন্তরিক সংলাপ।

“বাংলার প্রাকৃতিক রংরেজি”-এর মাধ্যমে আমি সেই জীবন্ত দর্শনকে সম্মান জানাতে চাই। মাটি ও উদ্ভিদ থেকে আহরিত প্রাকৃতিক রঙের পুনর্জাগরণ, সময়ের পরীক্ষায় টিকে থাকা ঐতিহ্যের সংরক্ষণ এবং প্রকৃতির সঙ্গে সহাবস্থানে গড়ে ওঠা জীবন ও জীবিকার ধারাকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার সাধনা।